শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বোধন। তার আগে যাবতীয় কৌতূহল ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। ১৫ ফেব্রুয়ারি আদৌ হবে তো ক্রিকেটের এই মহারণ? উত্তর এখনও অজানা। তবে আইসিসি’র কাছে শাস্তির আশঙ্কা সত্ত্বেও কলম্বোয় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দিয়ে রেখেছে পাক বোর্ড। এই পরিস্থিতিতে পাকিস্তানের ভারত ‘বয়কট’ কি মেনে নিল আইসিসি? টিকিট বিক্রি নিয়ে নেওয়া হল বিরাট সিদ্ধান্ত।

সূত্রের খবর, এই অস্পষ্টতার মধ্যে টিকিট বিক্রি আপাতত বন্ধ করে দিয়েছে আইসিসি। এই ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে সমর্থকদের মনে। বিশেষত যাঁরা কলম্বোর টিকিট কেটে ফেলেছে তাঁদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ভারত-পাকিস্তানের লড়াই মাঠে বসে দেখার জন্য মাস খানেক আগে থেকেই উন্মাদনার পারদ। এই ম্যাচ ঘিরে দর্শকদের পোয়াবারোও ছিল। কারণ কার্যত জলের দরে ফলের রস পেয়েছিলেন তাঁরা। নামমাত্র মূল্যে ভারত ও পাকিস্তানের মহারণ দেখার সুযোগ ছিল দর্শকদের সামনে। ফলে নিমেষে শেষ হয়ে গিয়েছিল ভারত-পাক মহারণের টিকিট। এমনকী টিকিট বিক্রি শুরু হতেই ক্র্যাশ করেছিল ওয়েবসাইট।

কিন্তু এখন পরিস্থিতি অতি জটিল। আইসিসি বাংলাদেশকে কার্যত ‘ঘাড়ধাক্কা’ দেওয়ার পর ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল, তারা বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে তারা মাঠে নামবে না। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত আইসিসি’কে লিখিতভাবে তারা কিছু জানায়নি। তবে পাকিস্তান সত্যিই যদি ভারতের বিরুদ্ধে না খেলে, তাহলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে তারা। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পিসিবি’কে কড়া চিঠি লিখেছে।

আর এবার মহারণের টিকিট বিক্রি বন্ধ করে দিল ক্রিকেটের নিয়ামক সংস্থা। আইসিসি’র ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে, শীঘ্রই টিকিট বিক্রির ঘোষণা করা হবে। তবে কবে টিকিট বিক্রি করা হবে, সেই তথ্য নেই। আইসিসি সূত্রে জানা গিয়েছে, “এখনও পর্যন্ত পিসিবি থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সেই কারণেই টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। ম্যাচ হবে, এমন নিশ্চয়তা পেলেই ফের বিক্রি শুরু হবে। তবে এই মুহূর্তে কোনও রকম আর্থিক ক্ষতি চাইছে না আইসিসি।” তবে আশা, ম্যাচে হবে এই বিষয়ে নিশ্চিত হয়ে ফের টিকিট বিক্রি শুরু হলে তা শেষ হতে বেশিক্ষণ সময় লাগবে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🟢 Join WhatsApp