Chandranath Sinha: আদালতে মন্ত্রী চন্দ্রনাথ, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে হল না চার্জগঠন, কেন?

কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তাঁর। আপাতত জামিনে রয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে সোমবার চার্জগঠনের কথা ছিল। সেজন্য পিএমএলএ আদালতে উপস্থিতও ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। কিন্তু, এদিন চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জগঠন হল না।

কিন্তু, কেন এদিন আদালতে মন্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন হল না? সূত্রের খবর, চন্দ্রনাথ সিনহার আইনজীবী চার্জ গঠনের আগে ইডির কাছে বেশ কিছু নথি চেয়ে আবেদন করেছিলেন। সেই নথি জমা দেয়নি ইডি। সেজন্যই এদিন চার্জ গঠন হয়নি। আগামী ১৩ মার্চের মধ্যে নথি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইডিকে। নথি জমা পড়লে সেইদিন চার্জ গঠন করবে আদালত।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর ২০২৪ সালের মার্চে বোলপুরে চন্দ্রনাথের বাসভবনে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিটও জমা দেয়। গত বছরের ৬ সেপ্টেম্বর বিশেষ ইডি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান কারামন্ত্রী তথা বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ।

তারপর চন্দ্রনাথকে ৭ দিনের হেফাজতে চেয়ে আবেদন করে ইডি। কিন্তু, গত বছরের ২৪ সেপ্টেম্বর ইডির বিশেষ আদালত চন্দ্রনাথের জামিন বহাল রাখেন। আর তাঁর জামিন আদালত বহাল রাখার পরই রাজ্যের কারামন্ত্রী বলেছিলেন, আদালতের উপর তাঁর আস্থা রয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতির সেই মামলাতেই এদিন চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জ গঠন হওয়ার কথা ছিল। সেটাই পিছিয়ে গেল আপাতত। ইডি চন্দ্রনাথের আইনজীবীকে কবে নথি দেয়, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🟢 Join WhatsApp