লাইসেন্স বাধ্যতামূলক, নিয়ম না মানলে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা; দোকানে পর্দা বা কালো কাচ লাগানোও বাধ্যতামূলক

পাটনা, নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের পর এবার বিহারেও খোলা জায়গায় মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল নীতীশ কুমারের সরকার। রাজ্যের নগর উন্নয়ন ও আবাস বিভাগ মঙ্গলবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করেছে। নতুন এই নিয়ম অনুযায়ী, কোনও অবস্থাতেই খোলা জায়গায় বা রাস্তার ধারে প্রকাশ্যে মাংস বিক্রি করা যাবে না।

রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা এর আগেই বিধানসভায় এই বিষয়ে ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, জনস্বাস্থ্য এবং পরিবেশগত কারণ বিবেচনা করে খোলা জায়গায় মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা আনা হচ্ছে। সেই ঘোষণার ভিত্তিতেই এবার আনুষ্ঠানিকভাবে নির্দেশিকা জারি করা হয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, মাংস বিক্রির জন্য সমস্ত দোকানদারদের বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। লাইসেন্স ছাড়া মাংস বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রশাসন। পাশাপাশি, কোনও বিক্রেতা যদি খোলা জায়গায় মাংস বিক্রি করেন বা নিয়ম লঙ্ঘন করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

এছাড়াও, নতুন নিয়মে বলা হয়েছে যে, মাংস বিক্রির দোকানগুলিকে সম্পূর্ণভাবে ঢেকে রাখতে হবে। দোকানে পর্দা বা কালো কাচ ব্যবহার করতে হবে যাতে বাইরে থেকে মাংস কাটার দৃশ্য দেখা না যায়। প্রশাসনের মতে, এর ফলে জনসাধারণের মধ্যে অস্বস্তি কমবে এবং স্বাস্থ্যবিধি আরও সঠিকভাবে বজায় রাখা সম্ভব হবে।

রাজ্য সরকার আরও স্পষ্ট করে জানিয়েছে, রাস্তার ধারে বা খোলা জায়গায় ঝুলিয়ে মাংস প্রদর্শন বা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম কার্যকর করার জন্য স্থানীয় প্রশাসন এবং পুরসভাগুলিকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের দাবি, এই পদক্ষেপের ফলে স্বাস্থ্যবিধি বজায় রাখা সহজ হবে এবং শহরের পরিবেশ আরও পরিচ্ছন্ন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🟢 Join WhatsApp