শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ব্যক্তিগত স্তরে ভাষা ও উন্নয়নের ইস্যুতে সরাসরি অভিমত জানালেন পশ্চিমবঙ্গের মানুষের প্রতি

কলকাতা: আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার রাজনৈতিক পরিবেশ ক্রমেই তপ্ত হয়ে উঠছে। একদিকে বিজেপি রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্র জুড়ে ‘পরিবর্তন যাত্রা’র কর্মসূচির ঘোষণা করেছে, অন্যদিকে সেই আবহেই বাংলার মানুষের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দল সূত্রে জানা গিয়েছে, মার্চের প্রথম সপ্তাহেই ‘পরিবর্তন যাত্রা’র সূচনা হতে পারে। এই কর্মসূচির উদ্বোধনী পর্বে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী, স্মৃতি ইরানী-সহ একাধিক শীর্ষ নেতা। পাশাপাশি দলের সর্বভারতীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।

এই রাজনৈতিক তৎপরতার মধ্যেই প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রীর খোলা চিঠি। হিন্দি ও বাংলা— দুই ভাষাতেই লেখা ওই চিঠিতে তিনি বাংলার উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অভিবাসন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য রেখেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, আগামী কয়েক মাস রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং সেই সিদ্ধান্ত জনগণের হাতে।

চিঠির শুরুতেই দেবী কালীর বন্দনা করে প্রধানমন্ত্রী লেখেন, গত ১১ বছরে কেন্দ্রীয় সরকার জনকল্যাণমূলক প্রকল্প এবং সামগ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে। কৃষক, যুবক, মহিলা ও দরিদ্রদের জন্য চালু হওয়া বিভিন্ন প্রকল্পের ইতিবাচক প্রভাবের কথাও উল্লেখ করেছেন তিনি।

চিঠিতে জন ধন যোজনা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ সুবিধা, আয়ুষ্মান ভারত প্রকল্প, আবাসন ও মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের প্রসঙ্গও উঠে এসেছে। তাঁর দাবি, রাজ্য সরকারের সহযোগিতা সীমিত হলেও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের বহু মানুষের কাছে পৌঁছেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে সরাসরি মানুষের উদ্দেশে বার্তা দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রচারে নতুন মাত্রা যোগ করলেন। একই সঙ্গে ২৯৪ কেন্দ্রে কর্মসূচির ঘোষণা বিজেপির সংগঠনিক প্রস্তুতির ইঙ্গিত বহন করছে।

তবে এই চিঠিকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। বিভিন্ন মহলে আলোচনা চলছে এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে। আগামী দিনে এই প্রচার কৌশল ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🟢 Join WhatsApp