Chingrighata Metro: ফের অথৈ জলে চিংড়িহাটা মেট্রোর কাজ? হাইকোর্টের গ্রিন সিগন্যাল মিললেও সুপ্রিম কোর্টে চলে গেল রাজ্য

কলকাতা: চিংড়িহাটা মেট্রোর কাজ নিয়ে এবার মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে (Supreme Court) রাজ্য সরকার এবং কলকাতা পুলিশের তরফে SLP বা স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্ট সময় বেঁধে দিয়ে বকেয়া কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল। তবে তার আগেই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করল রাজ্য সরকার। যার জেরে মেট্রো প্রকল্পের কাজ শেষ হওয়া আরও পিছিয়ে গেল বলে মনে করছেন কলকাতা মেট্রোর কর্তারা।

চিংড়িহাটা মেট্রোর কাজ নিয়ে জলঘোলার অন্ত নেই। চিংড়িঘাটায় মাত্র ৩৬৬ মিটার অংশে কাজ বাকি। যা নিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন চলছিল দীর্ঘদিন ধরে। অভিযোগ, ওই অংশে কাজের জন্য গুরুত্বপূর্ণ রাস্তা বাইপাসে যান চলাচল বন্ধ রাখতে হবে। তবে সরকারের অনুমতি না মেলায় কাজ শুরু করা যায়নি। ট্রাফিক ব্লক বা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িহাটার অংশে রাস্তা রাতের বেলায় অন্তত তিনদিন বন্ধ করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু কোনও অনুরোধেই কোনও কাজ না হওয়ায় বিষয়টির জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। তারপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিষয়টি নিয়ে রীতিমত রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশকে ভর্ৎসনা করেন। ১৫ ফেব্রুয়ারির মধ্যে যাবতীয় জটিলতার সমাধানের নির্দেশ দেওয়া হয় কলকাতা পুলিশকে। এরপর দেখা যায়, দীর্ঘ কয়েক মাস আগে তৈরি হয়ে যাওয়া রাস্তা যান চলাচলের জন্য খুলে দেওয়া হল। বর্তমানে সেই অনুযায়ী চলছিল গাড়ি।

এখানে উল্লেখ্য, কেন্দ্রীয় বাজেটের দিনও চিংড়িহাটায় মেট্রোর কাজ থমকে থাকা নিয়ে রাজ্যের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই সব নানা ধরনের সমস্যার মধ্যেই এবার মামলা গেল সর্বোচ্চ আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🟢 Join WhatsApp