CPIM: কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে? কী ভাবছে সিপিএম

কলকাতা: বিধানসভা ভোট দরজায় কড়া নাড়ছে। কার হাত ধরে বামেরা এগোবে, তা নিয়ে জল্পনা বাড়ছে। কখনও নওশাদ সিদ্দিকী, কখনও হুমায়ুনর কবীরের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য নেতৃত্ব। জোট হবে, নাকি একলা লড়াই, তা নিয়ে নানা মন্তব্য, বক্তব্য সামনে আসছে। এহেন আবহে বুধবার ছিল সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক। সেখানেই কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

জানা যাচ্ছে, কংগ্রেসের প্রশ্নে রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যরা প্রায় একমত, যে তাঁরা এবার জোট করতে খুব একটা আগ্রহী নন। প্রথম থেকেই প্রদেশ কংগ্রেস সভাপতি ২৯৪টি আসনে লড়াই করবেন বলে ঘোষণা করে দিয়েছিলেন। তবে আগে থেকে কংগ্রেসের বিরোধিতা করা নিয়ে বৈঠকে প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, সিপিএমের জোট অনুগামীরা মনে করেন কংগ্রেস যে তাদের সঙ্গে লড়াই করতে চায় না, সেটা কংগ্রেসের তরফেই ঘোষণার জন্য অপেক্ষা করা যেত। সে ক্ষেত্রে জোট ভাঙার দায় সিপিএমকে নিতে হত না।

বৈঠকে ঠিক হয়েছে যে দিল্লির স্তরে কিছু আলোচনা হতে পারে। তবে কংগ্রেস জোটে আসছে না, এটা ধরে নিয়ে আইএসএফ এবং শরিকদের সঙ্গে আসন বণ্টন সেরে ফেলতে হবে বলেই মনে করছে সিপিএম। বৃহস্পতিবার বামফ্রন্টের বৈঠকে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার বেলা ৩টেয় আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের বৈঠক হওয়ার কথা রয়েছে। উপস্থিত থাকবে সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লকের মতো সব শরিক দল। এদিকে, হুমায়ুন কবীরের সঙ্গে কেন বৈঠকে বসার প্রয়োজন পড়ল, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে মহম্মদ সেলিমকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🟢 Join WhatsApp