
কলকাতা: মর্মান্তিক। খাবার খেতে বেরিয়ে আর ফেরা হল না। বাইক আরোহী ২ ডাক্তারি পড়ুয়াকে পিষে দিল লরি। দুর্ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুরে। মৃত ২ ডাক্তারি পড়ুয়ার নাম ফইয়াজ মল্লিক ও আনন্দ প্রিয়দর্শী। সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার মুহূর্ত ধরা পড়েছে।
জানা গিয়েছে, মৃত দুই যুবক ইএসআই হাসপাতালের পড়ুয়া। গতকাল রাতে বন্ধুরা মিলে বাইক নিয়ে খাবার খেতে বেরিয়েছিলেন। ফেরার সময় ঠাকুরপুকুরের পূর্ব পাড়া জেমস লং সরণিতে দুর্ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি বাইকে আসছিলেন ফইয়াজ ও আনন্দ। পিছন থেকে তাঁদের বাইকে ধাক্কা মারে লরিটি। দুই ডাক্তারি পড়ুয়াই বাইক থেকে নিচে পড়ে যান। তখন তাঁদের পিষে দিয়ে চলে যায় লরিটি।
দেখুন দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো-
দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দৌড়ে আসেন। দুই ডাক্তারি পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ ঘাতক লরিটির খোঁজ চালাচ্ছে। তবে এখনও হদিশ পাওয়া যায়নি। জানা গিয়েছে, মৃত ২ ডাক্তারি পড়ুয়ার মধ্যে একজনের বাড়ি ভাঙড়ে। অন্যজনের বাড়ি হরিদেবপুরে।
রাতের অন্ধকারে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ প্রায় ওঠে। সেজন্য বিভিন্ন সময় দুর্ঘটনাও ঘটে। রাতে শহরের রাস্তায় পুলিশের নজরদারি নিয়েও অনেকসময় প্রশ্ন ওঠে। পুলিশ বেপরোয়া গাড়িচালকদের ধরতে কী পদক্ষেপ করে, তা নিয়ে প্রশ্ন ওঠে। গতকালের ঘটনায়ও ওই লরিচালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আসছিলেন কি না, সেই প্রশ্ন উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুই বাইক আরোহীকে পিছন থেকে ধাক্কা মেরেছে লরি। তারপরও লরি থামাননি চালক। বরং দুই বাইক আরোহীকে পিষে দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। সেক্ষেত্রে ওই লরি চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, সেই প্রশ্ন উঠেছে। লরি চালককে ধরা গেলেই সব প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে বলে পুলিশ মনে করছে।
