West Bengal Assembly Election: বাংলায় এবার এক দফায় ভোট? বড় ইঙ্গিত কমিশনের

কলকাতা: বাংলার ভোট নিয়েও বৈষম্য দেখে তৃণমূল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনের সময়ও অভিযোগ তুলেছিলেন অন্য রাজ্যে কয়েক দফায় ভোট মিটে গেলেও, বাংলার ক্ষেত্রে তা হয় না। কিন্তু এবার সেই অভিযোগ তোলার জায়গা যেন রাখতে চায় না সিইও দফতর। বাংলায় এক দফাতেই ভোট করাতে প্রস্তুত রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

সূত্রের খবর, নির্বাচন কমিশন পরামর্শ চাইলে বাংলার বিধানসভা ভোট এক দফায় করার কথা বলতে রাজি মনোজ আগরওয়ালের দফতর। একেবারে এক দফাতেই নির্বাচন মিটিয়ে দেওয়ার জন্য সিইও দফতর যে প্রস্তুত সেও উল্লেখ করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তবে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে একমাত্র জাতীয় নির্বাচন কমিশনের কাছেই।

বাংলার নির্বাচন এবং অসহিষ্ণুতা যেন একে অপরের পরিপূরক। প্রতিবার ভোট আসে, সঙ্গে আসে হিংসার খবর, দেখা যায় হানাহানি, হয় বোমাবাজি। এক দফায় ভোট হলে সেই অশান্তি বা হিংসার সুযোগ কম থাকবে বলেই মনে করছেন একাংশ। তবে সেক্ষেত্রে একটি সমস্য়ার জায়গা থেকেই যাচ্ছে, তা হল পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। কারণ, চলতি বছরে বাংলা ছাড়া আরও বেশ কয়েকটি রাজ্য়ে বিধানসভা নির্বাচন রয়েছে। এই পরিস্থিতিতে বাংলায় এক দফায় ভোট করানো হলে স্বরাষ্ট্র দফতর কি সেই বাহিনীর চাহিদা মেটাতে পারবে? প্রশ্ন থাকছে সেই নিয়েও।

এদিন এক দফা ভোট নিয়ে প্রশ্ন করা হয়েছিল তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষকে। বাংলায় ‘ওয়ান ডে’ ম্যাচ হলে শাসকশিবির কি তা সামাল দিতে পারবে? উত্তরে তিনি বলেন, ‘যারা ভাল খেলে, তাঁরা সব পিচেই সেঞ্চুরি হাঁকান। আমরা মানুষকে নিয়ে চিন্তিত, কত দফায় ভোট হচ্ছে তা নিয়ে নয়।’ অন্যদিকে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের মতে, ‘এই গোটা সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ওনারা যত দফাই নির্ধারণ করবেন, আমরা তার জন্য তৈরি রয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🟢 Join WhatsApp